আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন ওরফে মোজাম সিকদার (৫০)। তিনি নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাবার নাম হাসেম আলী সিকদার।
পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে জিউধরা মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে মোজাম্মেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় একদল দুর্বৃত্ত। তাঁর চিত্কারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান বলেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোজাম্মেলকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।