আ.লীগ নেতাকে গুলি করে হত্যা, স্ত্রীও গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাড়িতে ঢুকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামকে (৬৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তারও গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার তিন রাস্তার মাথা নামক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির ছেলে আবদুল ফারুক তাঁর মায়ের বরাত দিয়ে বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ঢুকে প্রথমে বাবাকে (সিরাজুল ইসলাম) গুলি করে। এ সময় মা ইয়াসমিন আক্তার এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও গুলি করে। তাঁর (মা) পায়ে গুলি লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকাগুলি ছুড়তে ছুড়তে নতুন পল্লানপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়। ওই সময় বাড়িতে আর কেউ ছিল না।

খবর পেয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। তাঁর মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। বেশি রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারের ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির ছেলে আবদুল ফারুক বলেন, এ ঘটনায় মামলা করা হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।