আ.লীগ নেতার অবৈধ মার্কেটটি গুঁড়িয়ে দিল প্রশাসন
কুষ্টিয়ায় সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেট আজ রোববার গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শহর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন মালিথা জায়গাটি দখল করে মার্কেট নির্মাণ করছিলেন।
বেলা ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুন অভিযান চালিয়ে অবৈধ এ স্থাপনাটি উচ্ছেদ করেন। এ সময় সেখানে র্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য ছাড়াও সওজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার এই নির্মাণকাজ বন্ধ করতে গেলে আলতাফ ও তাঁর লোকজন সওজের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান এবং মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১১টার দিকে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। বুলডোজার দিয়ে ইটের তৈরি বেশ কয়েকটি ছোট ছোট দেয়াল ভেঙে দেওয়া হয়। এ ছাড়া ইট ভেঙে দেওয়া হয়। ভাঙার সময় জমির মালিকানা দাবিদার শহর আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মালিথা ফাইল হাতে দাঁড়িয়ে ছিলেন। ইউএনওকে আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বরাত দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি।
ইউএনও খোদেজা খাতুন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে। যত দিন তাঁরা (আলতাফ) এ জমিকে নিজের জমি প্রমাণ করতে না পারবেন, তত দিন এখানে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। জমি দাবি করলেও তাঁরা এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
আলতাফ হোসেন মালিথা দাবি করেন, আদালত তাঁদের পক্ষে রায় দিয়েছেন। ১০ ফুট জমি তাঁদের, কাগজপত্রে এটা রয়েছে। তারপরও বারবার ভেঙে দেওয়া হয়।
আরও পড়ুন: