আ. লীগ নেতার দুই ছেলেসহ চারজন অস্ত্রসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সালাহউদ্দিনের দুই ছেলে ও তাদের দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীবাড়ি হিন্দুপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন: আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিনের দুই ছেলে সাইফুল ইসলাম (২৮), মাহবুবুল হাসান (২৬) এবং তাঁদের সহযোগী কবির (২৫) এবং মনির (১৯)। তাঁদের গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফাত উল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য যুক্তরাষ্ট্রে তৈরি সাত দশমিক ৬৫ বোরের একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি নিয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মহড়া দিচ্ছিলেন। খবর পেয়ে এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় আরও তিন থেকে চারজন ব্যক্তি পালিয়ে যায়।