আ. লীগ নেতার ফোনে ছাড়া পেলেন জামায়াত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকের ১১ ঘণ্টা পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলমকে (৫০) ছেড়ে দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় আওয়ামী লীগের এক সদস্যসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সুপারিশে জামায়াতে ইসলামী সমর্থিত ওই ইউপি সদস্য ছাড়া পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা অভিযোগ করেন, ইউপি সদস্য খোরশেদ আলম ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর এবং ৫ জানুয়ারির নির্বাচনের সময় রাস্তার গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন। কিন্তু রহস্যজনক কারণে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ইউপি সদস্য খোরশেদ আলমকে তাঁর বাড়ির পাশ থেকে আটক করা হয়। মামলা ছাড়া তাঁকে কেন আটক করা হয়েছে তা বিকেলে বিদেশ থেকে ফোন করে জানতে চান ওই এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম। এরপর আওয়ামী লীগের নেতারাও তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ফোন করেন। পরে রাত ১১টার দিকে খোরশেদ আলমকে ছেড়ে দেওয়া হয়।
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, আসলে খোরশেদ আলমের বিরুদ্ধে কোনো মামলা নেই। তা ছাড়া, বিদেশ থেকে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামসহ বিভিন্নজনের ফোন পেয়ে যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বশির আহমদ চৌধুরী বলেন, ‘ইউপি সদস্য খোরশেদ আলম এলাকার চিহ্নিত সন্ত্রাসী। জামায়াতের এমন একজন ব্যক্তিকে আমিন ভাইসহ (আমিনুল ইসলাম) আওয়ামী লীগ নেতারা ফোন করে ছেড়ে দিতে বলেছেন। এখন আমরা কী আর বলব? ’
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।