আ. লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের বিরুদ্ধে স্থানীয় এক অটোরিক্সা চালকের জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে ইব্রাহীম আলী নামের ওই চালক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ইব্রাহীম বলেন, তিনি পরিবার নিয়ে শিবগঞ্জ উপজেলা সদরের বানাইল মহল্লা এলাকায় থাকেন। বানাইল উপজেলায় পৈত্রিক সূত্রে পাওয়া পৌনে সাত শতক জায়গায় তিনটি দোকান ঘর ও বসতবাড়ি তুলে তিনি সপরিবারে বসবাস করছেন। কিন্ত বেশ কিছুদিন ধরে তাঁকে সেখান থেকে সরে যাওয়ার জন্য শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। বাড়ি ছেড়ে না দিলে মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানোরও হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা কর্তৃপক্ষ তা নেয়নি। এখন তিনি শঙ্কায় আছি, যে কোনো সময় তাঁকে পরিবারসহ উচ্ছেদ করা হতে পারে।

অভিযোগের ব্যাপারে জানতে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।

অন্যদিকে থানায় জিডি না নেওয়ার ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি ৩১ জুলাই ওসি হিসেবে যোগ দিয়েছেন। এ সময়ে তাঁর কাছে কেউ এ ধরনের অভিযোগ নিয়ে যাননি।

এর আগে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের জায়গা দখলের অভিযোগ ওঠে আজিজুল হকের নামে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করে।