আ.লীগ নেতার মেয়েসহ নিরুদ্দেশ তরুণ, অতঃপর...
ফরিদপুরের মধুখালী উপজেলার এক আওয়ামী লীগ নেতার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েসহ স্থানীয় এক তরুণ নিরুদ্দেশ হয়েছেন। এ ঘটনার জের ধরে আজ রোববার ওই আওয়ামী লীগ নেতার লোকজন তরুণের বাবা-চাচার চারটি দোকান ও মিষ্টির কারখানায় ভাঙচুর চালিয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ নেতার মেয়ের সঙ্গে স্থানীয় এক তরুণের প্রেমের সম্পর্ক রয়েছে। দুই মাস আগে তাঁরা দুজন নিরুদ্দেশ হয়েছিলেন। পরে মেয়েটির পরিবার চাপ সৃষ্টি করলে ঘটনার চার দিন পর তাঁরা বাড়িতে ফিরে আসেন। কিন্তু গত শুক্রবার রাতে তাঁরা আবার নিরুদ্দেশ হন। দুদিনেও তাঁদের কোনো খোঁজ মেলেনি। গতকাল শনিবার ওই তরুণসহ তাঁর পরিবারের কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন মেয়েটির বাবা। আর আজ মেয়েটির বাবার লোকজন তরুণের বাবা-চাচার দোকানে ও মিষ্টির কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মধুখালী রেলগেট, মধুখালী বাজার ও গন্ধারদিয়া এলাকায় এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় ওই তরুণের এক চাচা আহত হন।
জানতে চাইলে ওই তরুণের বাবা বলেন, ‘আমার ছেলের সঙ্গে এর আগেও মেয়েটি চলে গিয়েছিল। এলাকার লোকজনের সহায়তার তাকে বাবার কাছে ফেরত দিই। এখন আমার ছেলের সঙ্গে মেয়েটি আবার চলে গেছে। আমরা জানি না, তারা দুজন কোথায় আছে?’ তিনি অভিযোগ করেন, ‘মেয়েটির বাবা আওয়ামী লীগ নেতা। তিনি আমাদের দোকানে ও কারখানায় হামলা করিয়েছেন। আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমাদের এলাকাছাড়া করার চেষ্টা করছেন।’
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মেয়েটির বাবা ও আওয়ামী লীগের নেতা বলেন, ‘আমার মেয়েকে ওই তরুণ নিয়ে গেছে। এর আগেও এ ঘটনা ঘটেছিল। তখন তরুণের পরিবারের সদস্যরা কথা দিয়েছিল, ভবিষ্যতে এ–জাতীয় ঘটনা ঘটলে তারা দায়ী থাকবেন। এ কারণে আমার দলের লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা করেছে।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, মেয়েপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে ছেলেপক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।