খুনের মামলায় আ. লীগ প্রার্থী প্রধান আসামি

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে বাসায় ঢুকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামানকে প্রধান আসামি করে মামলা হয়েছে। তিনিসহ মোট আসামি ২১ জন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছোট ভাই কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সকাল নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোল্লা মাসুদ করিম ওরফে লাল্টু মোল্লার (৪২) বাড়িতে হামলা করে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান এবং তাঁর লোকজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।
মাসুদ করিম স্থানীয় মৎস্য খামারি এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দীন শেখের সমর্থক। তাঁর বাড়ি আলামপুরে ইউনিয়নের দহকুলা গ্রামে।
স্থানীয় লোকজন জানান, মাসুদ দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে এসে তিনি মাছের ঘেরের ব্যবসা শুরু করেন। তিনি ও পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সাবেক নেতা সিরাজ উদ্দীন শেখের সমর্থক। এই কারণে তাঁদের ওপর ক্ষিপ্ত ছিলেন আখতারুজ্জামান ও তাঁর সমর্থকেরা।