আ. লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে অস্ত্র নিয়ে হামলা
নোয়াখালীর হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে আহত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর তিন সমর্থকসহ পাঁচজন।
আজ রোববার বেলা ১১টার দিকে পৌরসভার চৌমুহনী বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতেরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী এ কে এম ইউছুফ আলীর সমর্থক মো. শাহেদ (২৮), মো. বাহার (৪২) , মনিরুল ইসলাম (৩২)। তাঁরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত আরও দুজন হলেন, বিদ্রোহী মেয়রপ্রার্থী মো. ছাইফ উদ্দিন আহমদের সমর্থক মাঈনউদ্দিন ও জহিরউদ্দিন।
হাসপাতালের িচকিৎসক ফারহানা বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্র ও পিটুনির আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় লোকজন বলছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ছাইফউদ্দিন আহমদের সমর্থকেরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে চৌমুহনী বাজারে মহড়া দেয়। একপর্যায়ে তাঁরা নির্বাচনী প্রচারে থাকা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা পাল্টা হামলা চালিয়ে বিদ্রোহী প্রার্থীর দুই সমর্থক মাঈনউদ্দিন ও জহিরউদ্দিনকে পিটিয়ে আহত করেন।
আওয়ামী লীগের প্রার্থী এ কে এম ইউছুফ আলী অভিযোগ করেন, বিনা উসকানিতে বিদ্রোহী প্রার্থীর কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাঁর তিন কর্মীকে কুপিয়ে আহত করেছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ছাইফ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকেরাই তাঁর কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, বিদ্রোহী প্রার্থীর লোকজন নয়, বিএনপি-জামায়াতের লোকজন আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পাননি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। চৌমুহনী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।