আ. লীগের কর্মীকে হত্যা, অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কর্মী মহিউদ্দিন হাওলাদারকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মহিউদ্দিনের বাড়ি ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে।
দলীয় সূত্র ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং কর্মসৃজন কর্মসূচির কাজ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মহিউদ্দিনকে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, কাকরধা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসী মহিউদ্দিনকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মামুন অর রশীদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মহিউদ্দিন হাওলাদারের মৃত্যু হয়।
অভিযোগের ব্যাপারে জানতে জহিরুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হারুন অর রশীদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য মামুনের সঙ্গে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই এই ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসিন মীর বলেন, মহিউদ্দিন আওয়ামী লীগের কর্মী ছিলেন। জহিরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।