আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ২

কিশোরগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একটি ট্রাক ও অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
রোববার দুপুরে সদর উপজেলার শোলমারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলীর সঙ্গে জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ কর্মী সাজ্জাদুল ইসলাম এবং যুবলীগের স্থানীয় নেতা আবদুস সাত্তারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে শ্রীনগর এলাকায় গতকাল শনিবার দুপুরে মনসুর আলীর ছেলে স্কুলছাত্র মাহমুদুল ইসলামকে কয়েকজন মিলে মারধর করেন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরাসহ মনসুর আলীর লোকজন রোববার মানববন্ধন কর্মসূচির আয়োজন করলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তা পণ্ড করে দেন। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর এবং ইউপি চেয়ারম্যান মনসুরের মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া একটি কারখানায় ভাঙচুর চালানো হয়।
মনসুর আলী অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে শনিবার তাঁর ছেলেকে সাজ্জাদের লোকজন মারধর করেন। এর প্রতিবাদে রোববার মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে প্রতিপক্ষ তাঁর মোটরসাইকেলসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ কর্মী সাজ্জাদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার একটি বিদ্যালয়ের খেলাধুলার অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে এ নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। তিনি প্রতিপক্ষের মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এ ঘটনায় তিনি কাল (সোমবার) সংবাদ সম্মেলন করবেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মুর্শেদ জামান রোববার সন্ধ্যায় বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।