আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি, আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর হাসপাতালে চিকিত্সাধীন গুলিবিদ্ধ সাগর হোসেন (১৩)। ছবি: কবির হোসেন
মাগুরা সদর হাসপাতালে চিকিত্সাধীন গুলিবিদ্ধ সাগর হোসেন (১৩)। ছবি: কবির হোসেন

মাগুরার শ্রীপুর উপজেলা সদরে আজ বৃহস্পতিবার সকালে ও গতকাল বুধবার রাতে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১৮ জন আহত হন।
আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিয়ার রহমানের সঙ্গে জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুল হান্নানের বিরোধ চলে আসছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিরোধের জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮টি গুলি ছোড়ে।
সংঘর্ষে গুরুতর আহত ওহিদুল মুন্সী (৪৫) ও তপু হোসেনকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওহিদুলের অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
রাতের ওই সংঘর্ষের জের ধরে আজ সকাল আটটা থেকে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় সোয়া এক ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষ ঠেকাতে পুলিশ ৮০টি গুলি ও কাঁদানে গ্যাসের ১২টি শেল ছোড়ে। এ সময় অন্তত ১৪ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছররা গুলিবিদ্ধ সাগর হোসেন (১৩) ও জাকির হোসেনকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা অমর প্রসাদ বলেন, ছররা গুলিতে দুজন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। থানায় কোনো মামলাও হয়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।