আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল সম্পাদনের সময় নেওয়া টাকার ভাগ-বাঁটোয়ারা ও উপজেলা দলিল লেখক সমিতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি ফাঁকা গুলি ছুড়েছে।

এ ঘটনায় সোনাতলা-থানা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনার পর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকে।
স্থানীয় চারজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাতলা উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে জমি কেনাবেচার দলিল সম্পাদনের সময় নানা খাতে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে টাকা আদায় করেন দলিল লেখক সমিতির সদস্যরা। এই টাকার ভাগ-বাঁটোয়ারা ও উপজেলা দলিল লেখক সমিতির কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মশিউর রহমানের মধ্যে বেশ কিছুদিন থেকে বিরোধে চলে আসছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এত দিন নবীন আনোয়ারের নিয়ন্ত্রণে থাকা দলিল লেখক সমিতির নিয়ন্ত্রণ নিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর আওয়ামী লীগের নেতা মশিউর রহমানের নেতৃত্বে তাঁর পক্ষের লোকজন সাব রেজিস্ট্রারের কার্যালয় চত্বরে আসেন। এ সময় নবীন আনোয়ারের সমর্থিত-দলিল লেখকদের সঙ্গে মশিউর রহমান সমর্থিত দলিল লেখকদের বাগ্‌বিতণ্ডা ও কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষই লাঠিসোঁটা ও রড হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫টি ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপরও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় সোনাতলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান ও কনস্টেবল মনিরুল ইসলাম আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোনাতলা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, জমি ক্রেতা-বিক্রেতার কাছ থেকে নিয়ম বহির্ভূত অর্থ নেওয়ার অভিযোগ সত্যি নয়। দলিল লেখার পারিশ্রমিক বাবদ যে অর্থ সমিতির সদস্য পান তা কেন্দ্রীয়ভাবে সমিতিতে জমা হয়। সপ্তাহ শেষে তা ১০৪ জন সদস্যের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়। মশিউর রহমান নিজেও একজন দলিল লেখক। তিনি সমিতির নেতৃত্বে আসতে চাইছেন। মঙ্গলবার বহিরাগতদের নিয়ে সমিতির দখল নিতে এলে অন্য সদস্যরা তাতে বাধা দেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার প্রথম আলোকে বলেন, তিনি নিজে দলিল লেখক সমিতির সদস্য না হলেও সভাপতি ও সম্পাদক তাঁর লোক। মঙ্গলবার বহিরাগতরা সমিতির নিয়ন্ত্রণ নিতে গেলে সভাপতি-সম্পাদকের পক্ষ নিয়ে তিনি সেখানে গেছেন। পরে পুলিশ গিয়ে ফাঁকাগুলি ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়েছে।
মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে মশিউর রহমান একাধিকবার তাঁর ফোন কেটে দেন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, দলিল লেখক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দেয়নি।
সোনাতলা উপজেলা সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান প্রথম আলোকে বলেন, যা ঘটেছে তা সবই কার্যালয়ের বাইরে, কার্যালয়ের ভেতরে কিছু ঘটেনি।