আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাতুব্বরের সঙ্গে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেওয়া জিন্নাহ মাতুব্বরের বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় আলাউদ্দিন মাতুব্বরের পক্ষের কয়েকজন জিন্নাহ মাতুব্বরের পক্ষের সাগর নামের একজনকে মারধর করেন এবং মোটরসাইকেল ছিনিয়ে নেন। সাগরকে গুরুতর আহত অবস্থায় বোয়ালমারী স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মো. এনামুল ইসলাম জানান, সাগরের পায়ের গোড়ালিতে কোপ ও বুকে-পিঠে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাগরকে মারার জের ধরে জিন্নাহ পক্ষের লোকজন রোববার রাতে আলাউদ্দিন মাতুব্বর পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায়। এ সময় ১৩টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার সকালে আলাউদ্দিন মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জিন্নাহ মাতুব্বরের পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায়। এ সময় ৩৭টি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আলাউদ্দিন মাতুব্বর জানান, ‘সোমবার সকালে হামলার ঘটনার সময় আমি এলাকায় উপস্থিত ছিলাম না।’ তাঁর অভিযোগ, রোববার রাতে জিন্নাহর লোকজন তাঁর পক্ষের লোকজনের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।

জিন্নাহ মাতুব্বর বলেন, আলাউদ্দিন মাতুব্বরের সমর্থকেরা তাঁর কর্মী সাগর মোল্লাকে নির্মমভাবে পিটিয়েছে। এর জেরে রোববার রাতে কোনো হামলার ঘটনা ঘটেছে কি না তা তিনি জানেন না। তাঁর অভিযোগ, সাগরের মোটরসাইকেলটি হামলাকারীরা নিয়ে গেছে।

বোয়ালমারী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশ্য কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।