আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় একটি মেলায় মানুষের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রলীগের ওই নেতার নাম বাঁধন খন্দকার। তিনি মুলাডুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও ইউনিয়ন যুবলীগের নেতা মিলন খন্দকারের মধ্যে নানা কারণে বিরোধ চলছিল। মিলন খন্দকারের নিয়ন্ত্রণে আজ মুলাডুলি ইউনিয়নে একটি মেলা বসে। ওই মেলার জুয়া খেলার নিয়ন্ত্রণ নিয়ে কামাল হোসেন ও মিলন খন্দকারের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে কামাল হোসেনের নেতৃত্বে ৩০-৩৫টি মোটরসাইকেলে করে তাঁর প্রায় ৬০ জন সমর্থক মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়। মেলায় আসা নিয়ে কামাল হোসেনের সঙ্গে মিলন খন্দকারের কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। এতে মিলন খন্দকারের পক্ষের বাঁধন খন্দকার বুকে গুলিবিদ্ধ হন। বাঁধনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ প্রথম আলোকে বলেন, একটি মেলার নিয়ন্ত্রণ নিয়ে কামাল হোসেন ও মিলন খন্দকারের সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলির ঘটনায় বাঁধন খন্দকার নামের ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ কোনো মামলা করেনি বলে তিনি জানান।