আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মো. আশরাফ ফকির (৩৫) নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া নয়টার দিকে বর্তমান ইউপি সদস্য ও বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর উল্লাহর সমর্থক আদাবাড়িয়া গ্রামের ছিদ্দিক মোল্লার বাড়িতে হামলা করতে যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সামসুল হক ফকিরের সমর্থক আশরাফ ফকির ও তাঁর লোকজন। এ সময় সিদ্দিক মোল্লার লোকজন আশরাফ ফকিরকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে পৌনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছুক্ষণ পরই তিনি মারা যান। এই ঘটনায় ছিদ্দিক মোল্লাও গুরুতর আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শামীম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তাঁর (আশরাফ) অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই তিনি মারা যান।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর উল্লাহ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে ঘটনার সময় আমি দক্ষিণ মাধবপুর গ্রামে আদাবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমএ রশিদ মিয়ার বাড়ির উঠান বৈঠকে ছিলাম।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’