আ. লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় তিনজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে পৌর শহরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এ বি এম আনিছুজ্জামান অভিযোগ করেন, আজ রোববার বেলা দেড়টার দিকে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে তাঁর সমর্থকেরা গণসংযোগ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় আসেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থকেরা তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে তিনজন আহত হন। আহতরা হলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। তাঁদের মধ্যে আকরাম হোসেনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের ভাষ্য, ঘটনার পর পুলিশ বেলা তিনটার দিকে দরিরামপুর এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে শামীম, উজ্জ্বল, রুবেল ও আসাদ নামে চারজনকে আটক করেছে। তাঁরা সবাই আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। তবে এ ঘটনায় আজ রাত নয়টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘ওই অভিযোগ ভিত্তিহীন। আমার কর্মীরা শান্তিপূর্ণ ভাবে কাজ করে আসছে। নির্বাচনে পরাজয় বুঝতে পেরে এখন নির্বাচন বানচাল করতে অপপ্রচার চালাচ্ছে আনিছুজ্জামান।’