আ.লীগ সাংসদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসলেম উদ্দিন
মোসলেম উদ্দিন

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন জালাল উদ্দিন নামের একজন মুক্তিযোদ্ধা।
মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। আসামিদের প্রত্যেকের বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়। মামলায় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সাংসদ ও বর্তমান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ ২৪ জনকে সাক্ষী করা হয়েছে।

ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবুল হক মামলাটি মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে মোসলেম উদ্দিনের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে সাংসদ মোসলেম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একই অভিযোগে চার বছর আগে আমার নামে মামলা হয়েছিল। তদন্ত সাপেক্ষে ওই মামলা শেষ হয়ে যায়। আমি অভিযোগ থেকে রেহাই পাই। রাজনৈতিকভাবে আমাকে হেয় ও খাটো করার জন্য আমার শত্রুপক্ষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে চক্রান্ত করে এই মিথ্যা মামলা করেছে।’ তিনি আরও বলেন, ‘আমি স্বাধীনতাবিরোধী হলে ১৯৭২ সালের গণপরিষদের সদস্য হতে পারতাম না। ওই সময় স্বাধীনতার বিরোধিতাকারী ২৩ জনকে গণপরিষদ থেকে বাদ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ আমাকে সাতবার মনোনয়ন দিয়েছে। আমি পাঁচবার আওয়ামী লীগের সাংসদ হয়েছি।’

বক্তব্য জানার জন্য ধর্মমন্ত্রী মতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।