আ. লীগের 'বিদ্রোহী' প্রার্থীর প্রচারণায় হামলা
নির্বাচনী প্রচারণার সময় যশোর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম কামরুজ্জামান ও তাঁর সমর্থকেরা হামলার শিকার হয়েছেন। এতে তিনজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কামরুজ্জামান ও তাঁর সমর্থকেরা সকালে রেলগেট এলাকায় নির্বাচনী প্রচারে যান। বেলা ১১টার দিকে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে কয়েকজন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় কামরুজ্জামানের সমর্থক মতিয়ার রহমান, শফিউল ইসলাম ও ইলিয়াড হোসেন আহত হন। হামলার সময় কামরুজ্জামান ও তাঁর সমর্থকেরা দৌড়ে পাশের একটি আবাসিক হোটেল ভেতরে গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
এ ব্যাপারে দুপুরে কামরুজ্জামান যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদারের অনুসারীরা রড ও হকিস্টিক নিয়ে অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। তারা পেছন থেকে আমাকে রড দিয়ে আঘাত করতে উদ্যত হলে আমার তিনজন কর্মী ঠেকাতে গিয়ে আহত হন। আমি প্রাণে বেঁচে গেছি।’
অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার দাবি করেন, ‘কামরুজ্জামানের ওপর হামলার বিষয়ে আমার কিছুই জানা নেই। তিনি (কামরুজ্জামান) আওয়ামী লীগের কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ চাপাচ্ছেন।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী প্রথম আলোকে বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোটেলের ভেতর থেকে কামরুজ্জামান ও তাঁর সমর্থকদের উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের আটকের জন্য অভিযান চলছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।’