আ.লীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে গত বুধবার রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এক তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগ করে তাঁর পরিবার। সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী গতকাল বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় বড় বোনের সঙ্গে ঈদের কেনাকাটা করে তিনি ফয়লাহাট বাজার থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে রণজিতপুর গ্রামের কাছে চেয়ারম্যানসহ আটজন গতি রোধ করেন। তাঁরা মারধর করে তাঁকে ভ্যান থেকে নামিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে বোন স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, মারধর ও ধর্ষণের শিকার ওই তরুণীকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল সকালে অতিরিক্ত পুলিশ সুপার শাহদাৎ হোসেন ও বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন তরুণীকে দেখতে যান এবং তাঁর জবানবন্দি নেন। দুপুরে তাঁর ডাক্তারি পরীক্ষা হয়েছে। পুলিশ বলেছে, বিকেলে মডেল থানায় তরুণীর বোন ফহম উদ্দিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযোগ অস্বীকার করে ফকির ফহম উদ্দিন বলেন, ‘আমার রাজনৈতিক দলের প্রতিপক্ষরা আমাকে ও আমার সমর্থকদের ফাঁসাতে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছে।’

ভোলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গত ২৭ আগস্ট সদর থানায় মামলা করেছেন এক গৃহবধূ (১৮)। এত দিন পর মামলার বিষয়ে গৃহবধূ বলেন, রিয়াজের নির্যাতন ও হুমকিতে তিনি মামলা করেননি। স্বামী ছাড়া পাওয়ায় মামলা করেছেন। রিয়াজকে গ্রেপ্তার ও ওই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল দুপুরে শহরের আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েক শ লোক মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন।

রাজধানীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে ভাড়া বাসায় বুধবার এক গৃহবধূকে (১৮) চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে গতকাল রামপুরা থানায় মামলা করেন তাঁর স্বামী। ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা এবং বাগেরহাট ও ভোলা প্রতিনিধি]