আ.লীগ ও ছাত্রলীগ নেতার মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
নাটোরের গুরুদাসপুর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে পথচারীসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ধারাবারিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মণ্ডল মেহেদী হাসানের এ সংঘর্ষ হয়। ওই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে মজিদের পরিবারের এক মেয়ের সঙ্গে চরকাদহ গ্রামের এক ছেলে পালিয়ে বিয়ে করেন। বিয়ের দেড় বছর পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু গত রোববার রাতে ছেলেটি মেয়েদের বাড়িতে যান। এ ঘটনায় ছেলেটিকে গত সোমবার থানায় সোপর্দ করা হয়। পরে তিনি জামিন পান।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওই ছেলেটির পক্ষে সোমবার সন্ধ্যায় নয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে মজিদের পরিবারের নামে কটূক্তি করা হয়। ওই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে মজিদ তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করেন।
মো. আবদুল মজিদ বলেন, সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় তাঁর ছেলে হীরা নয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় গেলে মেহেদী হাসান তাঁর লোকবল নিয়ে হীরাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তারা সংঘবদ্ধভাবে হাসানের দলকে ধাওয়া করে। তবে তাঁর লোকজন গুলি ছোড়েনি।
মেহেদী বলেন, অন্যায়ভাবে একটি ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে থানায় দেওয়া হয়েছিল। তাঁরা প্রতিবাদ করায় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তাঁদের সমর্থকেরা গুলিবিদ্ধ হয়। তাঁর সমর্থকদের বাড়িঘরও ভাঙচুর করা হয়।
গুলিবিদ্ধ আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগ নেতার সমর্থক শেরু (৪৮), নাসির (৩২), মোশারফ হোসেন (৩০) ও পথচারী মিন্টু (৩৫)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আবদুল মজিদের সমর্থক নুর আলী মাথায় ইটের আঘাত পান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ছয়টার দিকে হীরা, নূর আলী ও মিন্টুকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করান। হীরার তলপেট, মাথা ও পায়ে ফলার আঘাত ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মিন্টুর বাঁ হাতে গুলি লাগে।
গুলিবিদ্ধ মিন্টু বলেন, সন্ধ্যার কিছু আগ থেকেই দুই পক্ষের গোলাগুলি চলছিল। তিনি কেব্ল লাইন মেরামত করে বাড়ি ফিরছিলেন। তখন একটি গুলি এসে তাঁর বাঁ হাতে লাগে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন বলেন, ঘটনাস্থলে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন ঘটনাস্থলে গেছেন। ঘটনার পর থেকে এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে। কেউ গ্রেপ্তার হননি।