শিবগঞ্জ উপজেলার নান্দুড়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদ নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এরই জের ধরে গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে মারামারির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উপজেলার আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমানসহ তিনজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেছেন।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবীব বলেন, মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার চার-পাঁচজন বাসিন্দা বলেন, নান্দুড়া মাদ্রাসার সভাপতি পদ নিয়ে আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমানের মধ্যে বিরোধের সূত্রপাত। প্রথমে মিজানুর রহমান মাদ্রাসার সভাপতি নির্বাচিত হন। কিন্তু পরে স্থানীয় সাংসদ শরিফুল ইসলামের সুপারিশে মোস্তাফিজার রহমান সভাপতি হন। এরপর মিজানুর রহমান সংরক্ষিত নারী আসনের স্থানীয় সাংসদের সুপারিশে আবার সভাপতি হন। শেষ পর্যন্ত মোস্তাফিজার রহমান আদালতের মাধ্যমে আবারও সভাপতি হন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মিজানুর রহমান মোটরসাইকেলে করে উপজেলা সদরে জনতা ব্যাংকের সামনে এলে মোস্তাফিজার রহমান ও তাঁর ছেলে তমাল আহমেদ এবং সহযোগী আজিজুর রহমান তাঁর পথরোধ করেন। এরপর মাদ্রাসার সভাপতি পদে হয়রানি করায় ক্ষতিপূরণের জন্য ২ লাখ টাকা দাবি করে তাঁকে মারধর ও মোটরসাইকেল আটক করেন।
মোস্তাফিজার রহমান বলেন, ‘কিছুদিন আগে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করা হয়। সেই জন্য মিজানুর আমার কাছে টাকা দাবি করেন। আমি ওই টাকা দিতে না চাইলে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।’