আ.লীগ ও জাপা সমর্থক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে আজ শুক্রবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) সমর্থক দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জাপার সভাপতিকে আটক করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে জাপার কার্যালয়ে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এই সংঘর্ষে ১০ জন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সান্তাহার শহরে আওয়ামী লীগের সমর্থক সিএনজিচালিত অটোরিকশার শ্রমিক ও জাপার সমর্থক ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বেলা একটার দিকে শহরের সিএসডি গুদামের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষের একপর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এই সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক শফিকুল ইসলাম, তাঁর ছোট ভাই রাশেদুল ইসলাম ওরফে বাদশাহ, মতিয়ুর রহমান এবং নূর ইসলামসহ কমপক্ষে ১০ আহত হন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাশেদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শফিকুলের মারা যাওয়ার খবর সান্তাহার শহরে পৌঁছালে আওয়ামী লীগ সমর্থিত শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা শহরের জাতীয় পার্টি ও জাতীয় পার্টি সমর্থিত শ্রমিক সংগঠনের কার্যালয়ের আগুন ধরিয়ে দেন। পরে বিকেল পাঁচটার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল লতিফকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।