খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের দুজন সদস্যসহ আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার জেলা শহরের নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, জেলা শহরের মাইনী ভ্যালিতে মুক্তিযোদ্ধাদের নামসংবলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শোভাযাত্রা বের করে বিএনপি। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে শোভাযাত্রা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছেড়ে ও লাঠিপেটা করে। বিএনপির চার কর্মীকে আটক করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল, কনস্টেবল মাসুদ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম এন আবছার, বিএনপির নেতা মোমিন আলী, রবিউল, দেলোয়ার, নাছির তালুকদার ও খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আনিসুল আলম।
সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের লোকজন তাঁদের কার্যালয় থেকে বিএনপির শান্তিপূর্ণ র্যালিতে হামলা চালিয়ে আট নেতা-কর্মীকে আহত করেছে। তাঁর অভিযোগ, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের দাবি, জেলা বিএনপির বিজয় দিবসের শোভাযাত্রা থেকে বিনা উসকানিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে তাঁদের ছয় নেতা-কর্মী আহত হন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, সংঘর্ষের ঘটনায় আহত লোকজনের মধ্যে এম এন আবছার নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮টি রাবার বুলেট ছুড়ে।
যুবলীগ-তরীকত হাতাহাতি: প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে আমাদের ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের মাঠে শহীদ মিনারে আগে ফুল দেওয়া নিয়ে যুবলীগ ও তরীকত ফেডারেশনের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে ফুল দেন।
ফটিকছড়ি থানার ওসি মো. আবু ইউসুফ মিয়া বলেন, তরীকতের নেতাদের সঙ্গে সরকারদলীয় লোকজনের সামান্য কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।