সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। এসব প্রার্থী আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জামাদানের শেষ তারিখ আজ ৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ আগামী ৬ মার্চ।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন। আওয়ামী লীগ থেকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দে, নারী ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হাজেরা বারী।
এ ছাড়া চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ।
বিএনপি থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান।