আ.লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় তোরাবগঞ্জ বাজারে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক তোরাবগঞ্জ ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন (৪০) এবং মো. স্বপনকে (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএনপির প্রার্থী মো. মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, তোরাবগঞ্জ বাজারের পাশে তাঁর বাড়িতে সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগের প্রার্থী ফয়সল আহামদের কিছু সমর্থক তাঁর বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন। তাঁর বসতঘরের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় তাঁর তিন কর্মী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে ফয়সল আহামদ বলেন, মোসলেহ উদ্দিন পরিকল্পিতভাবে কর্মী ও সমর্থকদের তাঁর বাড়িতে জড়ো করেন এবং বাজারে মহড়া দেন। এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর ও মোসলেহ উদ্দিনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষ ইটপাটকেল ছোড়ে। এ সময় তাঁর দুই সমর্থক আহত হন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।