আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষের সময় চরবেস্টিন বাজারে ভাঙচুর করা একটি দোকান। ছবিটি গতকাল তোল l প্রথম আলো
পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষের সময় চরবেস্টিন বাজারে ভাঙচুর করা একটি দোকান। ছবিটি গতকাল তোল l প্রথম আলো

পটুয়াখালী ও পাবনায় পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটিতে জড়িত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দলের বিদ্রোহী প্রার্থীদের সমর্থকেরা। একটিতে সংঘর্ষ হয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের। গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবারের এসব ঘটনায় কমপক্ষে ৬৭ জন আহত হয়েছেন।
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হানিফ মিয়ার সমর্থক ও দলের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদার সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত নয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফীন বলেন, আওয়ামী লীগের প্রার্থী হানিফ মিয়া বৃহস্পতিবার বিকেলে চরবেস্টিন গ্রামে সভা শেষে তাঁর কর্মীদের নিয়ে চরমোন্তাজে যাচ্ছিলেন। পথে নলুয়া বাজার এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের আরও সমর্থক ঘটনাস্থলে জড়ো হয়। দুই ঘণ্টা ধরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তিন দফা সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের নয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। চরবেস্টিন বাজার ও নলুয়া বাজারের ৪২টি দোকানে ভাঙচুর ও মালামাল লুট করা হয়।
হামলার জন্য দুই প্রার্থী একে অপরের সমর্থকদের দায়ী করেছেন।
এদিকে গলাচিপা সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গলাচিপার পক্ষিয়া লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন, এক সমর্থকের ব্যাজ পরাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়।
গলাচিপা থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সংঘর্ষের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, উপজেলার নওমালা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এবং দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চার দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। দুই পক্ষের আটটি ঘর ও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মোটরসাইকেল ছিনতাই, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের হোলাবুনিয়া বাজার এলাকার আবদুস ছালাম হাওলাদারের বাড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাজাদা হাওলাদার তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের সমর্থকেরা ওই গণসংযোগে প্রথম দফায় হামলা চালায় এবং কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এর জেরে রাত ১০টার দিকে শাহাজাদার সমর্থকেরা কামালের দুই সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। পরে রাত ১১টার দিকে কামালের সমর্থকেরা শাহাজাদার সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও লুটপাট করে।
এ ঘটনার জেরে গতকাল সকাল সাড়ে ১০টায় নয়ার হাট এলাকায় হামলা চালায় শাহাজাদার সমর্থকেরা। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বাউফল থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার রাতে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমির আলী হাওলাদারের সমর্থকেরা বিদ্রোহী প্রার্থী এনামুল হকের তিন সমর্থককে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শাহা আলম পণ্ডিত (২৫) নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, উপজেলার ঢালারচর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে ও গতকাল সকালে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়সহ উভয় পক্ষের চার-পাঁচটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান কোরবান আলী ও দলের বিদ্রোহী প্রার্থী নাছিরুদ্দিন ব্যাপারীর সমর্থকেরা প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার রাতে স্থানীয় সিদ্দিকমোড় নামক স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ঘটনার জেরে গতকাল সকালে উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়।
আমিনপুর থানার ওসি এম এম তাজুল হুদা বলেন, দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। দুই পক্ষ থেকেই দুটি মামলা করা হয়েছে।