আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষ
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ এবং বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সামছুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সামছুল আলমের সমর্থক জয়নাল সুলতান মাহমুদ অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীরা লাঠি সোঁটা নিয়ে হামলা চালিয়ে তাঁদের মাইক ভেঙে ফেলে। এর পর তাঁরা সামছুল আলমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীদের হামলায় সামছুল আলমের অন্তত পাঁচজন কর্মী আহত হন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনুস আলী অভিযোগ করেন, ‘আজ সন্ধ্যায় নির্ধারিত নির্বাচনী পথসভা সামছুল আলমের নির্বাচনী কার্যালয়ের সামনে গেলে নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। সামছুল আলমের নির্বাচনী কার্যালয় তাঁর লোকজন ভেঙে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর মিথ্যে দোষ চাপানোর চেষ্টা করছে।’
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ, র্যাব ও বিজিবির কয়েকটি দল ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।