নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফচিকা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ফচিকা এলাকায় লোকনাথ আশ্রমের কাছে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম এবং একই দলের বিদ্রোহী প্রার্থী আবদুল হান্নান তালুকদার ওরফে শামীমের সমর্থকেরা প্রচার চালাচ্ছিলেন। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আবদুল হান্নান তালুকদারের সমর্থক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিমান বৈশ্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুল হক ভিকচান, যুবলীগের নেতা মাহফুজুল হক রুবেল, খোকন মাস্টার, জাকির মিয়া এবং এ কে এম সাইফুল ইসলামের ভাগনে ঝুলন মিয়া আহত হন। তাঁদের মধ্যে ঝুলন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে একটু হাতাহাতি হয়েছিল। এর বেশি কিছু নয়।’
বিদ্রোহী প্রার্থী আবদুল হান্নান তালুকদার বলেন, ‘নৌকার সমর্থকেরা লাথি, কিল-ঘুষি মেরে আমার বেশ কিছু কর্মীকে আহত করেছে। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’