আ.লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ অন্তত ৪০ আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সাতজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার বেলা ১১টার দিকে সরিকল ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক মোল্লার পক্ষে তাঁর সমর্থকেরা মোটরসাইকেলে মহড়া দিচ্ছিলেন। তাঁরা বাজার-কুরিরচর সড়ক হয়ে সরিকল ইউনিয়নে বিএনপির প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়ি কুরিরচর গ্রামে যান। তখন বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে তাঁদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক মোল্লা অভিযোগ করেন, বিএনপির সমর্থকেরাই তাঁর সমর্থকদের ওপর হামলা করেছেন।
তবে বিএনপি প্রার্থী মঞ্জুর বলেন, ‘আমার বাড়িতে ফারুক মোল্লার লোকজন হামলা করেছে।’
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।