আ.লীগ ও ব্যবসায়ী নেতাকে কুপিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪
বাগেরহাট এবং ভোলায় গত শনিবার দিবাগত রাতে আওয়ামী লীগ ও ব্যবসায়ী দুই নেতাসহ আটজনকে কুপিয়ে ডাকাতি করা হয়েছে। এদিকে গোয়ালন্দে বাস ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: আহত সঞ্জয় কুমার দাস (৪৭) সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য, প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর বাড়ি ইউনিয়নের রণজিতপুর গ্রামে।
সঞ্জয়ের চাচাতো ভাই বিকাশ কুমার দাস বলেন, শনিবার ১২ থেকে ১৪ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত সঞ্জয় দাসের বাড়িতে ঢোকে। অস্ত্র দেখিয়ে বাড়ির সবাইকে বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা লুট করে। চলে যাওয়ার সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে সঞ্জয়কে কুপিয়ে জখম করে। তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভোলা: দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের গুইঙ্গারহাট বাজার মালিক সমিতির সভাপতি রেজভী তালুকদার ও শিশুসহ সাতজনকে কুপিয়ে আহত করে ডাকাতেরা। তারা সাত ভরি স্বর্ণ, সাড়ে সাত লাখ টাকা, দুটি মুঠোফোন ও একটি ঘড়ি লুট করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, বাড়ির মালিক রেজভী তালুকদার বিশিষ্ট ব্যবসায়ী। তাঁর কাছে সমিতির টাকা ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলায় কলকাতাগামী দুটি বাসে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার তরুণকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর কোলাগ্রামের তৈয়ব মিজি (২৩), উদয়পুর গ্রামের রুবেল মৃধা (২২), ফয়সাল হাসান ওরফে রিয়াদ (২১) ও কোলাগ্রামের সুজন মিজি (২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ২৪ অক্টোবর কলকাতাগামী সোহাগ পরিবহন ও ১৬ অক্টোবর কলকাতাগামী সৌদিয়া পরিবহনের বাসে ডাকাতির সঙ্গে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা জড়িত। মামলার পর পুলিশ ভিডিও ফুটেজ, মুঠোফোনের কললিস্ট ধরে বুধবার রাতে বসন্তপুর কোলারহাট থেকে সুজনকে গ্রেপ্তার করে। সুজন ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে পরদিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ শনিবার অন্য তিনজনকে গ্রেপ্তার করে।