আ.লীগ ও যুবলীগ নেতা কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দুই দিন ধরে সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনায় দুই পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বারদী ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ও একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে প্রথমে গত শুক্রবার জহিরুল হকের আত্মীয় আলী মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়াকে কেন্দ্র করে কামাল হোসেনের সমর্থকেরা বরযাত্রী ও জহিরুল হকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে বিয়েবাড়িতে ১০ জন আহত হয়। এর জেরে গতকাল শনিবার সকালে জহিরুল হক ও কামাল হোসেনের সমর্থকেরা বারদী ইউনিয়নের সেনপাড়া, চৌধুরীপাড়া ও দলরদী তিনটি গ্রামে একে অন্যের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় দুই পক্ষের কমপক্ষে ৬০ জন আহত হয়।