আ.লীগ ও শ্রমিক লীগের সংঘর্ষের আশঙ্কা, হাট বন্ধ
আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে কোরবানির পশুর হাট বন্ধ করে দিয়েছে। ওই হাটে মোতায়েন করা হয়েছে পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে শীতলক্ষ্যা নদীর তীরে অস্থায়ী পশুর হাটের ইজারা নেওয়ার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। দরপত্র জমার দিনে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন বৈঠক করে হাটের ইজারা-প্রক্রিয়া স্থগিত করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কাঁচপুরের অস্থায়ী পশুর হাট দখল করার জন্য উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর ও তাঁর সমর্থকেরা ইজারা হওয়ার আগেই হাটে অবস্থান নেন এবং পশু বিক্রি করার প্রস্তুতি শুরু করেন। এ খবর পেয়ে কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নানের পক্ষের লোকজন হাটে মহড়া দিতে শুরু করেন। এ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করে গতকাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে গোয়েন্দা সংস্থা।
ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ইউএনও আবু নাসের ভূঞা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডেকে ওই হাটের ইজারা-প্রক্রিয়া বাতিল করেন। এ ছাড়া তাঁর নির্দেশে হাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গতকাল সন্ধ্যায় হাট এলাকায় পশু বিক্রি না করার জন্য মাইকিং করা হয়।
আওয়ামী লীগের নেতা মোশারফ ওমর জানান, কাঁচপুরে হাট না থাকায় মানুষ কোরবানির পশু কিনতে গিয়ে দুর্ভোগে পড়বে। এ জন্য তাঁরা দুজনেই হাট ইজারা নেওয়ার চেষ্টা চালিয়েছেন।
ইউএনও আবু নাসের ভূঞা জানান, আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় এই হাট বন্ধ করা হয়েছে।