আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০ ইউনিয়নে ভোট হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধুনট সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী লাল মিয়া দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে পাকুড়িহাটা গ্রামের বাঁশহাটাপাড়ার মোকছেদ আলীর বাড়িতে বৈঠকে বসেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী এস এম মাসুদ রানার পক্ষের ৩০-৪০ জন কর্মী-সমর্থক লাঠিসোঁটা নিয়ে লাল মিয়ার বৈঠকে হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর শুনে মাসুদ রানা ঘটনাস্থলে যান। এ সময় লাল মিয়ার কর্মী-সমর্থকেরা মাসুদ রানাকে মারধর করেন। এ খবর পেয়ে মাসুদ রানার কর্মী-সমর্থকেরাও পাল্টা হামলা চালান। এতে লাল মিয়ার কর্মী তাহসীন রহমান, আমিনুল ইসলাম, আলিমুদ্দিন, রাসেল, লিয়াকত আলী, বেলাল হোসেন, বাবলু মিয়া, লিখন মিয়া, আনোয়ার হোসেন ও আরিফ রহমান আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় মাসুদ রানা লাল মিয়াসহ ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ওই রাতেই থানায় লিখিত অভিযোগ দেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।