ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে গত সোমবার রাতে পৃথক সংঘর্ষে নির্বাচন কার্যালয় ভাঙচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এর জের ধরে গতকাল মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা দুটি স্থানে মহাসড়ক অবরোধ করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গতকাল বলেন, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চৌধুরীকান্দা সদরদী এলাকার আবুল কালাম (৬৫) ও শেখ মহিউদ্দিন (২০), ছিলারধর চর এলাকার শরৎ ভক্ত (২৫) এবং কাফুরিয়া সদরদী এলাকার ইবরাহিম মৃধা (২৮)। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক এবং বাবলাতলায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনার পর বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়ায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন এসে অবরোধ প্রত্যাহার করে নেন। এ সময় তিনি বলেন, ২০ মার্চ ভাঙ্গা পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচনে তাঁর পক্ষের কোনো নেতা-কর্মীকে হয়রানি করা হলে এবং জাল ভোট বা কারচুপি করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বলেন, নির্বাচন নিরপেক্ষ হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে সাংসদের সমর্থকেরা অবরোধ তুলে নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থী আবু ফয়েজ মো. রেজার সমর্থকদের সঙ্গে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরীর মনোনীত প্রার্থী আবু জাফর মুন্সীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়া আওয়ামী লীগের আরও তিনটি ও স্বতন্ত্র সাংসদের মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। ভাঙ্গা থানা ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চৌধুরীকান্দা সদরদী এলাকার কামাল শেখকে (২৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।