আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্থগিত একটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারণার সময় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাত ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ধানীসাফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাতাকাটা গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম আকনের সমর্থকেরা প্রচারণা চালান। একই সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা প্রচারণা চালাতে ওই এলাকায় যান। সন্ধ্যায় পাতাকাটা গ্রামে মাইন উদ্দিন ফকিরের বাড়ির সামনে দুই পক্ষের লোকজন প্রচারণা চালাতে গিয়ে মুখোমুখি হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গোলাম রহমান আকন (৫৫), মাহাতাব আকন (৬৫), সৈয়দ আকন (৫০), হানিফ ফরাজী (৪০) ও মিল্টন বেপারি (৪৫) এবং আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একরামুল হক (৩৫) ও নান্না মিয়া ফরাজী আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রফিকুল ইসলাম আকন অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় তাঁর সমর্থকদের ওপর আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে তাঁর পাঁচ সমর্থককে গুরুতর আহত করা হয়।

হারুন অর রশিদ বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বহিরাগত সন্ত্রাসীরা আমার সমর্থকদের ওপর হামলা চালায়।’

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফেরদৌস ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় সাতজন আহত হয়েছেন। এর মধ্যে সৈয়দ আকনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার তাঁকে জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। এতে তিন থেকে চার ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

গত ২২ মার্চ প্রথম পর্বে অনুষ্ঠিত ধানীসাফা ইউপির উত্তর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহণ বন্ধ করেন রিটার্নিং কর্মকর্তা। ৩১ অক্টোবর ওই কেন্দ্রে ভোট গ্রহণ হবে।