আ.লীগ কর্মী হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের এক কর্মীকে হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার একটি হোটেলের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক নাহিদ হাসান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের নুর আলম পাইকার (২৮), শনিফ পাইকার (২২), এরশাদ পাইকার (৩০) ও আমান সরদার (৩০)। নিহত ডাবলু মিয়া (৩৫) নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ও মাজবাড়ি গ্রামের দেলবার হোসেন প্রামাণিকের ছেলে।
এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের লাল মিয়া (৪৮) ও নয়া মিয়ার (৪৩) সঙ্গে জমিজমা নিয়ে চাচা হবিবর রহমান ও তাঁর ছেলে নুর আলমের বিরোধ ছিল। এর জের ধরে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর রাতে নুর আলমের নেতৃত্বে কয়েকজন লাল মিয়া ও নয়া মিয়াকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পরের দিন লাল মিয়ার স্ত্রী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় নুর আলম ও ডাবলু মিয়াকে আসামি করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান। ওই মামলা পরিচালনার খরচ নিয়ে পরে নুর আলম ও ডাবলুর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ৭ জুন দুপুরে নুর আলমের নেতৃত্বে গ্রেপ্তার আসামিরা ডাবলুকে সোনাহাটা বাজার এলাকায় কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় ডাবলুর ছেলে মিঠু মিয়া বাদী হয়ে ৯ জুন ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এসআই আবদুর রাজ্জাক বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মামলা-মোকদ্দমার বিষয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।