আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে মোজাফফর রহমান ওরফে রাজা শেখ (৩৬) নামে আওয়ামী লীগের এক কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পূর্বশত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহত রাজা শেখ কৃষ্ণনগর গ্রামের ইসমাঈল শেখের ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে শেখ শহীদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তিনি কৃষ্ণনগর গ্রামের আবদুল হামিদ শেখের ছেলে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে মোজাফফরের ওপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালায়। নিহত রাজা শেখের ভাগনে মো. রাব্বি শেখ এই প্রতিবেদককে বলেন, ‘আমার মামা বাড়ি থেকে বের হয়ে বড় খোকার দোকানের সামনে পৌঁছালে ওত পেতে থাকা স্থানীয় শহীদুল, আল আমিন ও মিজান রাম দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মামাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় মামাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমার মামা আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তবে কী কারণে মামার ওপর হামলা হয়েছে তা বলতে পারি না।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বিকেলে এই প্রতিবেদককে বলেন, মোজাফফরের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।