আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হালিমা বেগম ওরফে জরিনা (৩৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে গত শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলার গোলাকান্দাইল টেংরারটেক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে হালিমার স্বামী নূর মোহাম্মদ পলাতক রয়েছেন।
হালিমা গোলাকান্দাইল টেংরারটেক এলাকার রশিদ পাটোয়ারীর মেয়ে। তিনি উপজেলা আওয়ামী মহিলা লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
রশিদ পাটোয়ারী বলেন, ১৮ বছর আগে চাঁদপুরের আনোয়ার হোসেনের সঙ্গে হালিমার বিয়ে হয়। তাঁদের ঘরে ১৫ বছরের এক সন্তান রয়েছে। ছয় মাস আগে আনোয়ারের সঙ্গে হালিমার বিবাহবিচ্ছেদ হয়। তিন মাস আগে উপজেলার হাটাব টেকপাড়ার নূর মোহাম্মদের সঙ্গে তাঁর বিয়ে হয়। শুক্রবার রাত নয়টার দিকে তিন বন্ধুকে নিয়ে তাঁদের বাড়িতে আসেন নূর মোহাম্মাদ। এ সময় হালিমার সঙ্গে নূর মোহাম্মদ ও তাঁর বন্ধুদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি (রশিদ) এগিয়ে এলে তাঁরা তাঁকে চলে যেতে বলেন। স্বামী-স্ত্রীর ঝগড়াকে গুরুত্ব না দিয়ে তিনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে বাড়ির পাশে গতকাল সকালে হালিমার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
রূপগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, হালিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নূর মোহাম্মদ তাঁর বন্ধুদের সহায়তায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে নূর মোহাম্মাদ পলাতক আছেন।
শ্রীনগরে ব্যবসায়ীর লাশ উদ্ধার: মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকাল আটটার দিকে শ্রীনগরের উত্তর বালাশুর এলাকায় সড়কের পাশে ব্যবসায়ী আলমগীর হোসেনের (৫৫) লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। আলমগীরের বালাশুর বাজারে একটি মুদি দোকান ছিল।
শ্রীনগর থানার ওসি মো. সাহিদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।