আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়ার ধুনটে পূর্ববিরোধের জের ধরে ডাবলু মিয়া (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ধুনট উপজেলার মাইজবাড়ী গ্রামের দেলবার হোসেন প্রামাণিকের ছেলে।
উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা বলেন, ডাবলু মিয়া সোমবার বেলা তিনটার দিকে সোনাহাটা বাজারে একটি স্টলে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথে সোনাহাটা বাজার বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে একদল দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে মাটিতে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে ডাবলু মিয়া মারা যান।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে লাল মিয়া ও নয়া মিয়ার জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের আপন চাচা হবিবর রহমান ও তাঁর ছেলে নূর আলমের সঙ্গে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর রাত আটটার দিকে নূর আলমের নেতৃত্বে কয়েজন দুর্বৃত্ত লাল মিয়া (৪৮) ও নয়া মিয়াকে (৪৩) কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় পরের দিন লাল মিয়ার স্ত্রী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় নূর আলম ও ডাবলু মিয়াকে আসামি করা হয়। বর্তমানে এ মামলায় তাঁরা দুজন জামিনে মুক্তি পেয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনা ও মামলা পরিচালনার খরচাপাতি নিয়ে নূর আলম ও ডাবলুর মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই সোমবার বেলা তিনটার দিকে নূর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা ডাবলুকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এই ঘটনার পর থেকে নূর আলম পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।