আ.লীগ কর্মীকে পিটিয়ে হত্যা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার হাঁড়িখালী কুটির বাজারে গত রোববার রাতে প্রতিপক্ষের লোকজন ওমর আলী নামের আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে পাঁচজন আহত হন।

ওমর আলীর (৫০) বাড়ি উপজেলার হাঁড়িখালী পাঁচপোঁতা গ্রামে। যশোর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার দুপুরে ওমরের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে লাশ নিয়ে কুটির বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শিগগির গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওমর আলী হাঁড়িখালী গ্রামের কুটির বাজারে তাঁর এক ভাতিজার চায়ের দোকানে বসে ছিলেন। তাঁর সঙ্গে আওয়ামী লীগের ১০-১২ জন কর্মী ও সমর্থক ছিলেন। রাত নয়টার দিকে ১৫-২০ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে হঠাৎ হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় লোকজন আতঙ্কে দিগ্‌বিদিক ছুটতে থাকেন। পরে ওমর আলীকে ধরে পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া হাতবোমার আঘাত ও রামদায়ের কোপে ওমর আলীর ভাতিজা চা দোকানি হজরত আলীসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে হজরত ও সবুজ নামের আরেকজনকে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হজরত আলী প্রথম আলোকে বলেন, ‘আমার চাচা ওমর আলীসহ কয়েকজন বসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে আলোচনা করছিলেন। হঠাৎ ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল আলম ওরফে লিটন ও তাঁর সহযোগী শার্শা উপজেলার বাগআঁচড়া ইউপি সদস্য জিয়াউর রহমানের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে লাঠিসোঁটা ও রামদা নিয়ে ১৫-২০ জনের একটি দল দোকানের সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাজারের লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তারা আমার চাচাকে ধরে লাঠি ও রামদায়ের ভোঁতা পাশ দিয়ে বেধড়ক আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়। তা ছাড়া, বোমার বিস্ফোরণে আমার পায়ে রক্তাক্ত জখম হয়। দা দিয়ে আমার হাতে কোপানো হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।’

হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, হাঁড়িখালী গ্রামে আওয়ামী লীগের মধ্যে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্বে ইউপি সদস্য লিটন ও অপরপক্ষের নেতৃত্বে আছেন ওমর আলীর ভাই মোহর আলী। মোহর গত ইউপি নির্বাচনে লিটনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। কিন্তু পরে চাপ দিয়ে তাঁকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়। এতে লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে মোহর আলীর ভাই ওমর আলী খুন হয়ে থাকতে পারেন।

গতকাল বেলা তিনটার দিকে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, এই হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।