কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শটগান দিয়ে গুলির ঘটনায় আওয়ামী লীগের কর্মী আবদুস সালামের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গত রোববার রাতে মামলার পর গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁর লাইসেন্স করা শটগানটিও জব্দ করা হয়েছে।
স্থানীয় একটি রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে রোববার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামে গুলির এই ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন গ্রামবাসী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলায় আবদুস সালামকে একমাত্র আসামি করা হয়।
মামলাটি তদন্ত করছেন একই থানার এসআই শাহাদত হোসেন। জানতে চাইলে শাহাদত প্রথম আলোকে বলেন, জনগণের মাঝে অস্ত্র প্রদর্শন ও গুলি করার বিষয়ে আবদুস সালামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
রোববার রাতেই কামালপুর গ্রামের বাসিন্দা ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ রানা বাদী হয়ে মারামারির অভিযোগে আরেকটি মামলা করেন। ওই মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আট-দশজনকে। মামলাটি তদন্ত করছেন এসআই সাইফুল ইসলাম।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ কবির বলেন, আসামিদের ধরতে পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।