আ.লীগ কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের কর্মী মোজাফফর রহমান ওরফে রাজা শেখের লাশ নিয়ে গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়।

সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোজাফফরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে লাশ নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত সোমবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সন্ত্রাসীরা আওয়ামী লীগের কর্মী মোজাফফরকে আহত করে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে তিনি মারা যান। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শেখ শহীদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে থাকতে পারে।