আ.লীগ কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক যুবককে আওয়ামী লীগের কার্যালয়ে বেঁধে রেখে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই যুবক স্থানীয় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ নির্যাতনকারীদের।
নির্যাতনের শিকার যুবকের নাম হাসান মাতব্বর (৩০)। তিনি ও কথিত ধর্ষণের শিকার নারী উভয়েই উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন ও হাসানের পরিবারের ভাষ্যমতে, ১৬ আগস্ট রাতে ৩০ বছর বয়সী ওই বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে হাসানকে বাড়ি থেকে ধরে নিয়ে যান স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। পরিবারের অভিযোগ, এরপর তাঁকে গ্রামের আওয়ামী লীগ কার্যালয়ে শিকল দিয়ে বেঁধে রাতভর নির্যাতন করা হয়।
হাসানের স্ত্রী জেসমিন বেগমের অভিযোগ, এ ঘটনায় নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমির আলী হাওলাদার। আর হাসানকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে গতকাল বুধবার সকালে তাঁর (জেসমিনের) কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন স্থানীয় সিদ্দিকুর রহমান। টাকা দিতে না পারায় হাসানকে উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার বাসায় নিয়ে আরেক দফা মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযোগের ব্যাপারে জানতে আওয়ামী লীগ নেতা আমির আলী হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিদ্দিকুর রহমান। তিনি বলেন, প্রতিবন্ধী নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসানকে ধরে এনে আওয়ামী লীগ কার্যালয়ে রাখা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, গতকাল দুপুরে স্থানীয় লোকজন এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে হাসান নামের একজনকে সোপর্দ করেছে। ওই প্রতিবন্ধীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।