আ.লীগ কার্যালয় ও দোকান ভাঙচুরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ের চেয়ার, চাপাইতি বাজারের তিনটি দোকান ভাঙচুর ও একটি দোকানের মালামাল লুটপাটের ঘটনায় মামলা হয়েছে।
গত রোববার গভীর রাতে চাপাইতি বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মর্তুজ আলী বাদী হয়ে মধ্যনগর থানায় মামলাটি দায়ের করেন। এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদসহ ১২ জনের নাম উল্লেখ করে রোববার গভীর রাতে মামলা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে পাশের তাহিরপুর উপজেলার এক মোটরসাইকেলচালকের সঙ্গে ধরমপাশা উপজেলার মধ্যনগর এলাকার এক মোটরসাইকেলচালকের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজনদের মধ্যে ঘটনাটি মীমাংসা করার জন্য আলোচনা হয়েছে। গত শনিবার রাত একটা থেকে দেড়টার মধ্যে ৮-১০ জন লোক চাপাইতি বাজারে থাকা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ঢুকে কয়েকটি চেয়ার ভাঙচুর করে ও একটি ব্যানার নষ্ট করে। এ সময় তারা ওই বাজারের তিনটি দোকান ভাঙচুর এবং একটি দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।
৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুর উদ্দিন বলেন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ ও তাঁর লোকজনের সঙ্গে তাঁর বিরোধ আছে। এর জের ধরে তাঁর নির্দেশে তাঁর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
তবে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ভাঙচুর চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।