আ.লীগ-ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল, নান্দাইলে উত্তেজনা
ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ পাল্টাপাল্টি মিছিল করেছে। গতকাল মঙ্গলবার সংগঠন দুটির নেতা-কর্মীরা এসব কর্মসূচি পালন করেন।
গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে আওয়ামী পরিবারের কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়ে গত সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।
দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পৌর আওয়ামী লীগের সমাবেশে হামলা ও সমাবেশের অদূরে শহরের একটি জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে থাকা শ্রমিকনেতা আবুল মনসুরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ৪৭ জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দলীয় একাধিক সূত্রে জানা যায়, ওই মামলার সব আসামি ময়মনসিংহ-৯ আসনের বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদিন খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরীর অনুসারী। তবে অভিযুক্ত ব্যক্তিরা সম্প্রতি দাবি করছেন, শ্রমিকনেতা হত্যা মামলায় তাঁদের ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে।
পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ওই হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ এবং তাঁদের পক্ষের কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানাতেই উপজেলা ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামিরা এসব কর্মসূচির নামে এলাকায় আবারও উত্তেজনা তৈরির চেষ্টা করছেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ আগের মতো আন্দোলন করে প্রতিবাদ জানাতেই থাকবে। তিনি আরও বলেন, মানুষ হত্যার মতো জঘন্য ঘটনা ঘটিয়ে খুনিরা কোনোমতেই পার পেতে পারে না।