আ.লীগ-জাপা সংঘর্ষে গুলিবিদ্ধ ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর বাজারের কাছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। ১৬ জনকে উন্নত চিকিৎ​সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহপুর বাজারের কাছে কয়েক দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সরফরাজ হোসেন খান জানান, গুলিবিদ্ধ ১৪ ব্যক্তিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাওন শিকদার বলেন, তিনজন গুলিবিদ্ধ ব্যক্তিকে আনা হয়েছিল। দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও তিতাস থানা-পুলিশ জানায়, মজিদপুর ইউনিয়নের জাতীয় পার্টির (জাপা) মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক মিয়ার একদল সমর্থক মোটরসাইকেল নিয়ে শাহপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ওই বাজারের আগে আওয়ামী লীগের প্রার্থী শাকিলা পার​ভীনের নির্বাচনী কার্যালয়ের সামনে পৌঁছালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১৭ জন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে শাহপুর গ্রামের শফিকুল ইসলাম (৬০), মহসীন মিয়া (৩৪), মহসীন হাসান (৩৩), শফিকুল ইসলাম (৬০), নাছির উদ্দিন (২৮), হাবিবুর রহমান (৬৫), আবদুল বারেক (২৮) জয়বাহার বেগম (৬৫), কাউসার আলম (১৯), জাহাঙ্গীর আলম (২৯) , শিবপুর গ্রামের মামুন মিয়া (১৬), ইমন মিয়া (১৭), আরমান মিয়া (১৮), আল আমিন (১৮), মৌটুপী গ্রামের শাহ আলম (২৫) ও আশ্রাফুজ্জামান ভূঁইয়াকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে। শাহপুর গ্রামের মেহেদী হাসানকে (১৬) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) কাজী হুমায়ুন কবীর বলেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুই পক্ষের কেউ থানায় এখনো অভিযোগ করেননি।