আ.লীগ-জাসদ সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়াসহ আহত ৬
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) স্থানীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হওয়াসহ ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০টি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে সকালে জাসদ-সমর্থিত মিজানুর রহমানের পক্ষ ও আওয়ামী লীগ-সমর্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য এনামুল হকের পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় লাঠিসোঁটা-হাঁসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা গুলিও ছোড়ে। এতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে জাসদ-সমর্থিত দুজন ও আওয়ামী লীগ-সমর্থিত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন জাসদ-সমর্থিত সাইফুল প্রামাণিক (২৮) ও আফিল মালিথা (৩০) এবং আওয়ামী লীগ-সমর্থিত হাফিজুর রহমান (৩২) ও সোহাগ হোসেন (২৩)। অন্যরা গ্রেপ্তার এড়াতে পৃথক স্থানে চিকিৎসা নিয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সাদিয়া জাহান বলেন, সোহাগের বাম পায়ের ঊরুতে গুলি লেগেছে। মনে হচ্ছে সেটা ভেতরে আছে।
হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ হোসেন বলেন, ঘটনার সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে প্রায় ৪০ ফুট দূর থেকে জাসদের কয়েকজন লোক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি তাদের চিনতে পেরেছেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
জাসদের ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক আনসার আলী দাবি করেন, ‘ওই গ্রামে ৬৭ বছর ধরে বংশগত বিরোধে সংঘাত চলে আসছে। এর মধ্যে উভয় পক্ষেই আওয়ামী লীগ, জাসদ ও বিএনপির লোকজন রয়েছে। সেখানে বংশগত দ্বন্দ্ব। এখানে আওয়ামী লীগ ও জাসদের মধ্যে কোনো মারামারি হয়নি।’ আর সোহাগকে জাসদের লোকজন গুলি করেনি বলে তিনি দাবি করেন।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতারুজ্জামান মিঠু বলেন, ‘ওই গ্রামে বেশ কয়েক দিন ধরে কয়েকবার আওয়ামী লীগ ও জাসদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের কয়েকজন কর্মী আহত হন। বিষয়টি পুলিশ দেখছে। তারা যেটা ভালো মনে করে, সেটাই হবে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০টি ফাঁকা গুলি ছোড়ে। আপাতত পরিস্থিতি শান্ত। চাঁদগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
গত বছরের ৬ নভেম্বর চাঁদগ্রামে আওয়ামী লীগ-সমর্থকদের হামলায় বাবুল ড্রাইভার নামে জাসদের এক কর্মী নিহত হওয়ার পর থেকে সেখানে দুই পক্ষের লোকজন মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সর্বশেষ গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হন।