আ.লীগ-তরুণ লীগ গুলিবিনিময়, গুলিবিদ্ধ ১
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বুড়ির পাড়া এলাকায় আওয়ামী লীগ ও তরুণ লীগের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কাদের ও ইউনিয়ন তরুণ লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার জুমার নামের পর থেকে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার পর দুই পক্ষই অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান নেয়। এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে অন্তত ৩০টি গুলি ছুড়েছে। এতে হেলাল উদ্দিন গুলিবিদ্ধ হন এবং আরও অন্তত চারজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, আওয়ামী লীগের নেতা গোলাম কাদের ও তরুণ লীগের নেতা আলাউদ্দিনের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে তাঁর নেতৃত্বে পুলিশ অবস্থান নিয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।