আ.লীগ নেতা ও তরুণকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ওই ঘটনা
ঘটে। এ ছাড়া বরগুনার সদর উপজেলায় গত রোববার মাছের ঘের পাহারা দেওয়ার সময় এক তরুণকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও রুদ্রকর ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান ওরফে খোকন (৫০)। অন্যজন বরগুনার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের আরিফ হোসেন (২৭)।
শরীয়তপুর সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, বুড়িরহাট গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের নেতা মজিবুর রহমান গতকাল দুপুরে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজারের পূর্ব প্রান্তে দুর্বৃত্তরা মজিবুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মজিবুর রহমানের স্ত্রী নাসরিন বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী বুড়িরহাট বাজার বণিক সমিতির সভাপতি ও বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। বণিক সমিতি ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় লতিফ মোল্লা ও পিন্টু মোল্লার সঙ্গে তাঁর বিরোধ আছে। হত্যার উদ্দেশ্যে তাঁর স্বামীর ওপর হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয় জানতে লতিফ মোল্লা ও পিন্টু মোল্লার মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলে তাঁরা ফোন ধরেননি।
বরগুনার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামে দুর্বৃত্তদের হামলায় আহত আরিফ হোসেন বলেন, রোববার রাতে নিজেদের মাছের ঘেরে পাহারা দিচ্ছিলেন তিনি। রাতে কয়েকজন দুর্বৃত্ত এসে ঘেরের জাল উঁচু করে মাছ বের করে দেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা আরিফকে কুপিয়ে এবং পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
বরগুনা থানার ওসি মো. রিয়াজ হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর আসামিদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাবে।’